স্টাফ রিপোর্টার
, যশোর
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যশোর পৌরসভা এলাকায় কোরবানির পশুর বর্জ্য দ্রুত ও পরিকল্পিতভাবে অপসারণের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ মে) যশোর পৌরসভা মিলনায়তনে আয়োজিত এই সভায় ঈদের দিন ও পরবর্তী সময়ে শহরকে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে নানা উদ্যোগ ও কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ঈদুল আজহার আনন্দ উদযাপনের পাশাপাশি শহর পরিচ্ছন্ন রাখা প্রতিটি নাগরিকের দায়িত্ব। দ্রুততম সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করে নাগরিকদের জন্য স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হবে।
সংশ্লিষ্টদের প্রতি কঠোর নির্দেশনা দিয়ে তিনি জানান, ঈদের দিন দুপুর ১টা থেকে বিকেল ৪টার মধ্যে (৩ ঘণ্টার মধ্যে) যশোর শহরের সব কোরবানির বর্জ্য অপসারণ করতে হবে। বিকেল ৪টার পর শহরের কোথাও যেন ময়লা-আবর্জনা পড়ে না থাকে, সে বিষয়ে তিনি পরিচ্ছন্নতা বিভাগকে সতর্ক থাকার নির্দেশ দেন।
বর্জ্য অপসারণ কার্যক্রমে নিয়োজিত পরিচ্ছন্নতা কর্মীদের উৎসাহিত করতে তিনি ব্যক্তিগত তহবিল থেকে এক লাখ টাকা পুরস্কার প্রদানের ঘোষণা দেন। একই সঙ্গে ঈদের দিন প্রতিটি ঈদগাহ ও মসজিদের খুতবায় পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক বার্তা প্রচারের জন্য ইমাম পরিষদের প্রতি আহ্বান জানান।
যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন খোকন।
সভায় বক্তারা বলেন, কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সফল করতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সাধারণ নাগরিকদেরও সচেতন হতে হবে এবং সবাইকে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ আলি, পৌর নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন, সহকারী প্রকৌশলী বিএম কামাল আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম তুহিন, প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু, রবীন্দ্রনাথ রাহা, মোহাম্মদ হান্নান, কর্মচারী ইউনিয়নের সভাপতি মাসুদুল বারী ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এছাড়াও সভায় পৌরসভার নয়টি ওয়ার্ডের ইন্সপেক্টর এবং ময়লা অপসারণ বিভাগের দায়িত্বপ্রাপ্ত ১৩ জন কর্মচারী উপস্থিত ছিলেন।