মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুর উপজেলায় গর্তের পানিতে ডুবে রমিম মৃধা (৭) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মে) বিকেলে উপজেলার দীঘা ইউনিয়নের কুমরুল গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রমিম ওই গ্রামের সোহেল মৃধার বড় ছেলে। সে স্থানীয় কুমরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। এই ঘটনায় পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি রমিমদের বাড়ির পূর্বপাশে মাটি ভরাট করার জন্য ভ্যাকু (স্কেভেটর) দিয়ে একটি গভীর গর্ত খোঁড়া হয়েছিল। বুধবার সকাল থেকেই এলাকায় প্রচুর বৃষ্টিপাত হওয়ায় ওই গর্তটি পানিতে পূর্ণ হয়ে যায়। সকালে খেলার ছলে অসাবধানতাবশত রমিম ওই গভীর গর্তের পানিতে পড়ে তলিয়ে যায়।
এদিকে দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। নিখোঁজের প্রায় ৪ থেকে ৫ ঘণ্টা পর বিকেলের দিকে ওই গর্তের পানিতে রমিমের দেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে তাকে পানি থেকে উদ্ধার করে দ্রুত মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গর্তের পানিতে ডুবেই শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।