অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে একটি মাছের ঘেরে বিষ বা গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে সব মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে চিহ্নিত মাদক কারবারিদের বিরুদ্ধে। এতে চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠেছে। আড়াই থেকে তিন লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ঘের মালিক।
মঙ্গলবার (২৬ মে) দিবাগত গভীর রাতে উপজেলার শুভরাড়া ইউনিয়নের হিদিয়া গ্রামের পশ্চিমপাড়া বালিয়াডাঙ্গা বিলে শেখ রফছানের মাছের ঘেরে এই ঘটনা ঘটে। এ বিষয়ে আজ বুধবার (২৭ মে) দুপুরে অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত ঘের মালিক।

ক্ষতিগ্রস্ত ঘের মালিক শেখ রফছান জানান, তার চার বিঘা জমির মাছের ঘেরে চিংড়ি, কাতলা, রুই ও মৃগেল মাছ ছিল। মঙ্গলবার সন্ধ্যায় মাছের খাবার দিয়ে তিনি ঘের থেকে বাড়ি ফিরে যান। পরদিন সকালে ঘেরে এসে দেখতে পান সব মাছ মরে ভেসে রয়েছে। তবে ঘেরের বাছাইকৃত বড় চিংড়ি মাছগুলো চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
শেখ রফছান আরও বলেন, সম্প্রতি হিদিয়া বাজারে মাদক কারবারিদের বিরুদ্ধে একটি মাদকবিরোধী সমাবেশের আয়োজন করা হয়েছিল। ধারণা করা হচ্ছে, সেই সমাবেশকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে চিহ্নিত মাদক কারবারি ও সেবনকারীরা বিষ বা গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে আমার ঘেরের সব মাছ মেরে ফেলেছে। এতে আমার আড়াই থেকে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনার পর বুধবার দুপুরে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অভয়নগর থানায় লিখিত অভিযোগ করেছি।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, ঘেরের মাছ মেরে ফেলার একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।