সুবর্ণভূমি ডেস্ক
প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালু করেছে ভারত। রোববার (২৮ জুন) দুপুর থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) এই পর্যটন ভিসার আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর নিরাপত্তাজনিত কারণে ভারত এই ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রেখেছিল। সম্প্রতি ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দায়িত্ব নেওয়ার পর গত বৃহস্পতিবার এক ঘোষণায় ভিসা চালুর এই বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পর্যটন ভিসার পাশাপাশি মানবিক কারণে মেডিকেল ভিসা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া পর্যায়ক্রমে দেশের বাকি আইভ্যাক কেন্দ্রগুলোতেও এই সেবা চালু করে ভিসা কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক করা হবে।
ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন করতে প্রথমে ভারতের অফিসিয়াল অনলাইন ভিসা পোর্টালে যেতে হবে। সেখানে ‘রেগুলার ভিসা অ্যাপ্লিকেশন’ অপশন নির্বাচন করে দেশ হিসেবে 'বাংলাদেশ' এবং ভিসার ধরন হিসেবে 'ট্যুরিস্ট ভিসা' বেছে নিতে হবে।
এরপর পাসপোর্ট অনুযায়ী ব্যক্তিগত তথ্য, পাসপোর্টের বিবরণ এবং ভ্রমণসংক্রান্ত যাবতীয় তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে। আবেদন সম্পন্ন হলে একটি ওয়েব ফাইল নম্বর বা অ্যাপ্লিকেশন আইডি পাওয়া যাবে, যা পরবর্তী সব কার্যক্রমের জন্য সংরক্ষণ করতে হবে। একই সাথে নির্ধারিত নিয়ম অনুযায়ী সাদা ব্যাকগ্রাউন্ডের একটি ডিজিটাল ছবি আপলোড করে আবেদনপত্রটি প্রিন্ট করতে হবে এবং নির্ধারিত স্থানে স্বাক্ষর করতে হবে।
ভিসা আবেদনের জন্য পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে এবং পাসপোর্টে অন্তত দুটি খালি পৃষ্ঠা থাকা আবশ্যক। এছাড়া আবেদনকারীর যদি আগের কোনো পাসপোর্ট থাকে, তবে সেটিও মূল আবেদনের সাথে জমা দিতে হবে।