খুলনা মহানগরীর গল্লামারী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গাজী রফিকুল ইসলাম মানিক নামে এক ভাঙাড়ি ব্যবসায়ী আহত হয়েছেন। রোববার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো রফিকুল ইসলাম জানান, গল্লামারী এলাকার আইডিয়াল নার্সিং হোমের সামনে সাদা রঙের একটি মাইক্রোবাসে করে আসা একদল যুবক হঠাৎ রফিকুল ইসলাম মানিককে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি তার পেটে বিদ্ধ হয়। তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয়রা আহত মানিককে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
গুলির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে হামলার কারণ এবং হামলাকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, এই এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।