চৌগাছা (যশোর) প্রতিনিধি
দুগ্ধ ঘাটতি উপজেলা যশোরের চৌগাছায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় গঠিত কয়ারপাড়া দুগ্ধ সমবায় সমিতি ও মাকাপুর দুগ্ধ সমবায় সমিতির সুবিধাভোগীদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়েছে।
রোববার (২৮ জুন) বেলা ১১টায় চৌগাছা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই ঋণের চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমবায় অধিদপ্তরের উপ-প্রকল্প পরিচালক ও উপ-নিবন্ধক (নিরীক্ষা-১) শেখ ফজলুল করিম। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা সমবায় কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
চৌগাছা উপজেলা সমবায় কর্মকর্তা ওয়াহিদুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেসবাহ উদ্দীন, উপজেলা বন কর্মকর্তা ফেরদৌস খান, প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে দুটি সমবায় সমিতির ১০০ জন সদস্যের অনুকূলে জনপ্রতি এক লাখ ৬০ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়। একইসাথে সুবিধাভোগীদের নির্দেশনা দেওয়া হয় ১৫ দিনের মধ্যে গরু কিনে ছবি ও উপজেলা নির্বাহী অফিসারের প্রত্যয়ন জমা দেওয়ার পর গরুর খাদ্য কেনার জন্য ৪০ হাজার টাকা করে ঋণের বাকি অংশের চেক বিতরণ করা হবে।
উপজেলা সমবায় অফিস সূত্রে জানা গেছে, ঋণ পাওয়ার এক বছর পর থেকে এর কিস্তি শুরু হবে এবং দুই বছরে মোট ২৯ কিস্তিতে নাম মাত্র সুদে এই ঋণ পরিশোধ করতে হবে।