মাগুরা প্রতিনিধি
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে মাগুরা সদর উপজেলায় ৩ হাজার ৭৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
রবিবার (২৮ জুন) সকালে মাগুরা সদর উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাগুরা সদর এ অনুষ্ঠানের আয়োজন করে।
কৃষি বিভাগ সূত্র জানায়, প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ৫ কেজি উচ্চ ফলনশীল (উফশী) আমন ধানের বীজ, ৫ কেজি এমওপি (MOP) সার এবং ৫ কেজি ডিএপি (DAP) সার বিনামূল্যে প্রদান করা হয়েছে।
এছাড়াও চলতি অর্থবছরে বিভিন্ন পর্যায়ে কৃষকদের মধ্যে উফশী আমন ধানের বীজ ও সার, সবজি বীজ ও সার, লেবুর চারা, গাছজাতীয় ফসলের চারা, জৈব সার, শীতকালীন পেঁয়াজের বীজ (কন্দ) এবং পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিনসহ নানা ধরনের কৃষি উপকরণ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির মূল লক্ষ্য হলো কৃষকদের উৎপাদন ব্যয় কমানো, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা এবং খাদ্য উৎপাদন আরও বাড়ানো। তিনি আশা প্রকাশ করেন, এ সহায়তা কৃষকদের কৃষি উৎপাদনে আরও উৎসাহিত করবে।
অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।