সুবর্ণভূমি ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র আবারও ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ পুনর্বহাল করবে।
ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ‘‘হরমুজ প্রণালি খোলা আছে এবং ইরান রাজি হোক অথবা না হোক, এটি খোলাই থাকবে। আমরা ‘ইরানীয় অবরোধ’ পুনর্বহাল করছি। এটি কেবল ইরানের জাহাজ বা ইরানের সঙ্গে বাণিজ্যকারী গ্রাহকদের আসা যাওয়া বন্ধ করছে। অন্য সব দেশ ন্যায্য ও উন্মুক্তভাবে এই প্রণালি ব্যবহার করতে পারবে।”
ট্রাম্প আরো লিখেছেন, ‘’এখন থেকে যুক্তরাষ্ট্র ‘হরমুজ প্রণালির অভিভাবক’ হিসেবে পরিচিত হবে। তবে ন্যায্যতার স্বার্থে, এই অত্যন্ত অস্থিতিশীল অঞ্চলে নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার জন্য এই প্রণালি দিয়ে পরিবাহিত সব পণ্যের ওপর ২০ শতাংশ হারে অর্থ নেওয়া হবে। এই প্রক্রিয়া ও এর কাঠামো গঠনের কাজ অবিলম্বে শুরু হবে।”
ওদিকে ইরানের শীর্ষ সামরিক সদর দপ্তর খাতাম আল-আম্বিয়া বলেছে, হরমুজ প্রণালির ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রকে কোনো ধরনের হস্তক্ষেপ করতে দেওয়া হবে না।
ইরানের বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনী বলেছে, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বারবার উসকানিমূলক কর্মকাণ্ড এই অঞ্চলের নিরাপত্তাকে গুরুতর ঝুঁকির মুখে ফেলেছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমরা যুক্তরাষ্ট্রকে এই গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণ নিতে দেবো না এবং কখনোই দেবো না।’
পাশাপাশি দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের ‘দস্যু বাহিনী’ থেকে আসা যেকোনো ধরনের উসকানি বা অস্থিতিশীলতা মোকাবিলা করছে ইরানের সশস্ত্র বাহিনী।
এছাড়া ইরান সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে এ বিষয়ে কোনো দেশের সহযোগিতাকে ইরানের সার্বভৌমত্বের বিরুদ্ধে ‘যুদ্ধের শামিল’ হিসেবে বিবেচনা করা হবে।
বিবৃতির শেষ দিকে আরও বলা হয়েছে, সংঘাত যদি আরও ছড়িয়ে পড়ে, তাহলে যুদ্ধের আগুন পুরো অঞ্চলের দেশগুলোকে গ্রাস করবে।