যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পশ্চিমবঙ্গ-ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ১৪ জুলাই,২০২৬, ০৪:৩৭ এ এম
পশ্চিমবঙ্গ-ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ

ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে বাংলাদেশী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ওই দুই রাজ্যে ভ্রমণ এবং ইমিগ্রেশন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এই আইনি নোটিশ পাঠান।

নোটিশটি মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক এবং বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, প্রতিবছর বিপুল সংখ্যক বাংলাদেশী নাগরিক চিকিৎসা, শিক্ষা, পর্যটন, ব্যবসা ও অন্যান্য বৈধ প্রয়োজনে ভারতে ভ্রমণ করেন।

তবে সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ভারতের কিছু বাংলা ভাষাভাষী উগ্রবাদী গোষ্ঠী বাংলাদেশী নাগরিকদের বিরুদ্ধে প্রকাশ্যে হুমকি দিচ্ছে।

এসব হুমকিতে বলা হচ্ছে, বাংলাদেশিরা পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় প্রবেশ করলে তারা হেনস্তা, নির্যাতন কিংবা সহিংসতার শিকার হতে পারেন, যা তাদের জীবন ও ব্যক্তিগত নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টি করতে পারে।

নোটিশে উল্লেখ করা হয়, অতীতে ভারতীয় উগ্রবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ভারতে অবস্থিত বাংলাদেশি কূটনৈতিক মিশনে হামলা ও ভাঙচুরের অভিযোগ রয়েছে। এ ঘটনার প্রেক্ষাপটে বাংলাদেশী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব বলেও নোটিশে উল্লেখ করা হয়।

নোটিশে বাংলাদেশের সংবিধানের ৩২ অনুচ্ছেদের কথা উল্লেখ করে বলা হয়েছে, নাগরিকের জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার রক্ষা করা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব।

প্রকাশ্য নিরাপত্তা হুমকির মুখে নাগরিকদের ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণের সুযোগ অব্যাহত রাখা রাষ্ট্রের দায়িত্ব পালনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার সঙ্গে সরাসরি সংযুক্ত সব স্থলবন্দরে বাংলাদেশি নাগরিকদের ইমিগ্রেশন কার্যক্রম অবিলম্বে সাময়িকভাবে স্থগিত করার দাবি জানানো হয়েছে।

পাশাপাশি সংশ্লিষ্ট ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সন্তোষজনক কূটনৈতিক নিশ্চয়তা প্রদান না করা পর্যন্ত ওই দুই রাজ্যগামী যাত্রীদের বিমানবন্দরভিত্তিক ইমিগ্রেশন কার্যক্রমও স্থগিত রাখার আহ্বান জানানো হয়েছে।

আইনি নোটিশে আগামী সাত দিনের মধ্যে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে নোটিশদাতাকে অবহিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে বাংলাদেশের সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে নাগরিকদের জীবন ও নিরাপত্তার স্বার্থে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন দায়ের করা হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)