কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার খোকসায় দ্রুতগামী একটি প্রাইভেট কারের ধাক্কায় দিলীপ বিশ্বাস (৫৫) নামে এক হোমিও চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় একটি ব্যাটারিচালিত ভ্যানের দুই যাত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার (১২ জুলাই) সন্ধ্যায় খোকসা শহরের পুরনো পৌর ভূমি অফিসের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আমবাড়িয়া গ্রামের সিরাজ কাজীর ছেলে মো. ইকবাল কাজী (৩৫) এবং রমজান আলীর ছেলে মো. সাইদুল ইসলাম (৩৩) খোকসা বাজার থেকে একটি ব্যাটারিচালিত ভ্যানযোগে কমলাপুর যাচ্ছিলেন। ভ্যানটি পৌর ভূমি অফিসের সামনে পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগামী প্রাইভেট কার সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে পৌর ভূমি অফিসের গেটে দাঁড়িয়ে থাকা অন্য একটি ভ্যানের ওপর আছড়ে পড়ে। দুর্ঘটনায় ভ্যানে থাকা দিলীপ বিশ্বাস, ইকবাল কাজী ও সাইদুল ইসলাম গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক দিলীপ বিশ্বাসের অবস্থার অবনতি হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। এর কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, সড়ক দুর্ঘটনার এই বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।