স্টাফ রিপোর্টার
, যশোর
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশ করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এসএম হোসেন আলী। রোববার (৯ আগস্ট) সকালে তিনি এ তথ্য জানান।
সকাল ১০টার পর শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে। এ ছাড়া কেন্দ্রীয়ভাবে eduboardresult.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকেও ফল সংগ্রহ করা যাবে।
পরীক্ষা নিয়ন্ত্রক জানান, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অনলাইনে ফলাফল ডাউনলোড করে প্রকাশ করতে পারবে। এ জন্য ওয়েবসাইটের ‘Result’ কর্নারে গিয়ে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বরের মাধ্যমে ফল ডাউনলোড করা যাবে। শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবে।
তবে শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিসে ফলাফল পাওয়া যাবে না বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক।
যশোর শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, পুনর্নিরীক্ষণের জন্য ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। এ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা গত ২১ এপ্রিল শুরু হয়ে মে মাসের শেষ সপ্তাহে শেষ হয়। নিয়ম অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও এবার নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর ফল প্রকাশ করা হচ্ছে।
এ বছর পরীক্ষায় অংশ নেয় এক লাখ ৩৫ হাজার ৮৯ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৬৬ হাজার ৯২৮ এবং ছাত্রী ৬৮ হাজার ১৬১ জন। পরীক্ষায় ১২ জন বহিষ্কার এবং ১৯ হাজার ৩৫৭ জন অনুপস্থিত ছিল।