লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
ঢাকার গাবতলীর দীপনগর এলাকায় একটি সিএনজি স্টেশন থেকে মাছ বহনকারী কাভার্ডভ্যানে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুজনের মধ্যে মো. ইমরান মোল্যা (২৫) নামে একজনের মৃত্যু হয়েছে। শনিবার (৮ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত ফারুক (৪০) এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার রাত আনুমানিক ১০টার দিকে দগ্ধ ইমরান ও ফারুককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে ইমরানকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
নিহত মো. ইমরান নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর গ্রামের সরোয়ার মোল্যার ছেলে। তিনি একটি মাছের কোল্ড স্টোরে কর্মরত ছিলেন।
আহত ফারুক ময়মনসিংহের গফরগাঁও উপজেলার কসুপাড়া এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে। সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর তিনি সিএসডি ইঞ্জিনিয়ারিংয়ের গাড়িচালক হিসেবে কর্মরত আছেন।
মিরপুরের দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, মাছ-মাংস বহনকারী শীতাতপ নিয়ন্ত্রিত একটি কাভার্ডভ্যানে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে। আহত ফারুক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একই হাসপাতালের মর্গে নিহত ইমরানের মরদেহ রাখা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে ইমরানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নড়াইলের লোহাগড়ার কাশিপুর গ্রামে তার বাড়িতে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে।