খুলনা অফিস
খুলনা নগরীতে পিকআপের ধাক্কায় বিষে মল্লিক (৬৭) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে নগরীর তেলিগাতী বাইপাস সড়কের কাঠমান্ডু রেস্টুরেন্টের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিষে মল্লিক যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের সোনাতলা ঘাট এলাকার বাসিন্দা। এ ঘটনায় পুলিশ পিকআপচালক মো. আনিসুল হক (২৭) ও ডেলিভারিম্যান হৃদয় (২৯)কে আটক করেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আড়ংঘাটা বাইপাসের মৎস্য আড়ত থেকে মাছের টিপ নিয়ে ভ্যানচালক আফিল গেটের দিকে যাচ্ছিলেন। একই সময়ে পথের বাজার ডিপো থেকে মালামাল নিয়ে আরএফএল কোম্পানির একটি পিকআপ (ঢাকা মেট্রো-অ-১১-৩৭৬৫) বাগেরহাটের মোংলার উদ্দেশে যাচ্ছিল। ঘটনাস্থলে ভ্যানচালক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের সামনে পড়ে গেলে পিকআপটি তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক নিহত হন।
আটক পিকআপচালক মো. আনিসুল হকের বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায়। তার বাবার নাম মো. আমিনুর রহমান। ডেলিভারিম্যান হৃদয়ের বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলায়।
আড়ংঘাটা থানার ডিউটি অফিসার এসআই সঞ্জীব বিশ্বাস জানান, নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।