স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি-ছিনতাই ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (৯ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘অমিত্রাক্ষর’ এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আশেক হাসানের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় সীমান্ত দিয়ে পুশইন, অবৈধ অস্ত্র ও জাল নোটের প্রবেশ ঠেকাতে নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রস্তুতি রাখার নির্দেশ দেওয়া হয়।
এ ছাড়া সড়ক দুর্ঘটনা ও যানজট নিয়ন্ত্রণ, বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা, বাল্যবিবাহ এবং শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়। শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও শব্দদূষণমুক্ত রাখা এবং বিভিন্ন মার্কেটে সিসি ক্যামেরা সচল রাখার বিষয়েও প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।