পুনর্নিরীক্ষণ করে মেধা-যোগ্যতার ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী নির্বাচনের দাবি
কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রমে জনবল নিয়োগে ভাইবা পরীক্ষার ফলাফল বাতিল করে পুনর্নিরীক্ষণ এবং মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছভাবে চূড়ান্ত প্রার্থী নির্বাচনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন প্রার্থীরা।
রোববার (৯ জুলাই) দুপুর ১২টা থেকে উপজেলা চত্বরে এনসিপির নেতৃত্বে এ অবস্থান কর্মসূচি শুরু হয়।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা এনসিপির আহ্বায়ক সম্রাট হোসেন, মিরাজ হোসেন, বোরহান উদ্দীন ও মাহফুজুর রহমান ইমন।
কর্মসূচিতে অংশ নেওয়া পরীক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে—
প্রশ্নবিদ্ধ প্রকাশিত ও প্রস্তাবিত ভাইবার ফলাফল সাময়িকভাবে স্থগিত রেখে নিরপেক্ষভাবে পুনর্নিরীক্ষণ ও ফলাফল যাচাই করা; ভাইবা পরীক্ষায় নম্বর প্রদান।
ভাইবা গ্রহণ ও ফলাফল প্রস্তুত প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম, পক্ষপাতিত্ব, রাজনৈতিক প্রভাব বা স্বজনপ্রীতির অভিযোগ থাকলে তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা।
এ ছাড়া, অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া এবং চূড়ান্ত প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক বা ব্যক্তিগত প্রভাব বিবেচনায় না নিয়ে যোগ্যতা, মেধা ও নির্ধারিত নির্বাচন নীতিমালা অনুসরণ নিশ্চিত করা।
কর্মসূচির শেষে প্রকাশিত তালিকায় নাম না থাকা সাধারণ পরীক্ষার্থীদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুনের কাছে স্মারকলিপি দেওয়া হয়।