মাগুরা প্রতিনিধি
মাগুরার মহম্মদপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রীর অপসারণ এবং নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিএনপির একাংশ। একই সঙ্গে নিয়োগ বাতিল করে আবার স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।
তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করে বিএনপির আরেক পক্ষ মিছিল ও সমাবেশ করেছে।
রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত মহম্মদপুর উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীরা মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং ফ্যাসিস্ট ও নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের নিয়োগ দেওয়ার অভিযোগ করেন। তাদের দাবি, নীতিমালা অনুসরণ না করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিএনপির একটি পক্ষের সুপারিশ অনুযায়ী বৈষম্যমূলকভাবে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগ বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়া এবং ইউএনওর অপসারণের দাবিতে বক্তব্য দেন মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খান বাচ্চু, বিএনপির সাবেক সভাপতি মো. গোলাম আজম সাবু মিয়া, সাবেক সদস্যসচিব ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আকতারুজ্জামান আক্তার, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য মো. সাজ্জাদুল আলম খান নান্নু, যুবদল নেতা শেখ শাহানুর রহমান, জেলা ছাত্রদলের সহসভাপতি পারভেজ আলম প্রমুখ।
বিক্ষোভকারীরা ফ্যামিলি কার্ডের জনবল পুনর্নিয়োগের পাশাপাশি ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদান, কৃষি প্রণোদনা ও ভর্তুকি বিতরণ এবং ভিজিএফ কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান। অনিয়ম ও দুর্নীতি বন্ধ না হলে আরও বড় কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। বৃহত্তর স্বার্থে প্রয়োজনে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাওয়ার কথাও জানান বিএনপির একাংশের নেতাকর্মীরা।
অন্যদিকে, মহম্মদপুর বিএনপির সাবেক আহ্বায়ক মৈয়মুর আলী মৃধা ও উপজেলা যুবদলের সভাপতি তরিকুল ইসলাম তারার নেতৃত্বে কৃষকদলের আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সংস্কৃতিবিষয়কমন্ত্রী নিতাই রায়চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত মৈয়মুর আলী মৃধা বলেন, ফ্যামিলি কার্ডের জনবল নিয়োগ স্বচ্ছতার ভিত্তিতেই হয়েছে।
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে চাইলে মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী বলেন, তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে নীতিমালা অনুসরণ করে ফলাফল প্রকাশ করা হয়েছে। এ ক্ষেত্রে অনিয়মের কোনো সুযোগ নেই।