মাগুরা প্রতিনিধি
নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের অংশ হিসেবে মাগুরা জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) দুপুরে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।
বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে নেওয়া এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাগুরায় ব্যাপক প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সভায় বক্তব্য দেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপসচিব আব্দুল কাদের, সহকারী পুলিশ সুপার নিশাত বিন নাহিয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার পার্থপ্রতিম দাশ, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, জেলা জাসাস সভাপতি কাজী মিহির, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জাসাস সম্পাদক ফেরদৌস, জেলা শিক্ষা কর্মকর্তার প্রতিনিধি এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, নজরুল বর্ষ পালনের মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও দেশপ্রেমের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। এজন্য জেলার শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন পর্যায়ে ব্যাপক সাংস্কৃতিক কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ বলেন, মাগুরা জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নজরুল বর্ষ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতে হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও আদর্শ সম্পর্কে জানার সুযোগ তৈরি হবে এবং তাদের মধ্যে নজরুলের চেতনায় জাগরণ সৃষ্টি হবে।