ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে জটিল রোগে আক্রান্ত জিনিয়া খাতুনের পাশে দাঁড়িয়েছে এসএসসি ব্যাচ ২০০৮ এর বন্ধুদের সংগঠন ওয়েলফেয়ার ফান্ড। বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জ শহরের নলডাঙ্গা ভূষণ শিশু একাডেমি মাঠে জিনিয়া ও তার বাবার হাতে সহযোগিতার টাকা তুলে দেওয়া হয়।
জিনিয়ার বাড়ি মেহেরপুর সদর উপজেলা শহরের গোরস্থানপাড়ায়। রাজমিস্ত্রী জাহিদ আহম্মেদের বড় মেয়ে জিনিয়া ট্রাইভেনটিকুলার হাইড্রোকেফালাস রোগে আক্রান্ত। এখন ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসা চলছে তার।
জিনিয়ার বাবা জানান, তার মেয়ের বয়স এখন ১১ বছর। জন্মের পর থেকে সে ভালোই ছিল। প্রায় তিন বছর আগে তার জ্বর আসে। এরপর জ্বর গেলেও মাথাব্যাথা থেকে যায়। পরে তার মাথার ডানপাশে ্িটউমার দেখা যায়, যা দিনে দিনে বড় হচ্ছে। এ রোগের ফলে সে আগের মত আর স্বাভাবিকভাবে হাঁটতে পারছে না।
চিৎিসকরা বলেছেন দ্রুত চিকিৎসা করা নাহলে তার চোখ নষ্ট হয়ে যেতে পারে। আমি রাজমিস্ত্রির কাজ করে এ পর্যন্ত মেয়ের চিকিৎসায় প্রায় তিন লাখ টাকা খরচ করেছি। এখন অপারেশন করতে প্রায় তিন লাখ টাকা লাগবে। তবে এ রোগের চিকিৎসা দীর্ঘমেয়াদি।
টাকা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ঢাকার পপুলার হাসপাতালের ডাক্তার সাব্বির শরিফ জানান, এ রোগে মাথায় পানি জমে। মাথার ফাংশনগুলো ধিরে ধিরে অকেজো হয়ে পড়ে। তবে, সঠিক চিকিৎসা করা গেলে রোগী সুস্থ্য হয়ে ওঠে।
তিনি জানান, মেহেরপুরের ছোট্ট জিনিয়ার বাবা মাইকিং করে মেয়ের চিকিৎসার সাহায্য চাওয়ার একটি ভিডিও আমাদের এসএসসি ব্যাচ ২০০৮ এর বন্ধুদের নজরে পড়ে। পরে সবার সহযোগিতায় আজ আমরা জিনিয়ার বাবার হাতে মেয়ের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার টাকা তুলে দিলাম। এছাড়াও জিনিয়ার চিকিৎসার ব্যপারে যা কিছু করা সাধ্যমত চেষ্টা করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন, ওয়েলফেয়ার ফান্ডের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী শেখ সাদি রোম ও ওয়েলফেয়ার ফান্ডের সাধারন সম্পাদক সাঈদ হোসেন কানন।