কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহ জেলা প্রশাসক মো. নোমান হোসেন বলেছেন, পরিমিত সার ব্যবহারের মাধ্যমে সারের সংকট কমাতে হবে। আবাদি জমির মাটি পরীক্ষার পর সার প্রয়োগের সঠিক পরিমাপ ও জৈব সারের ব্যবহার বাড়াতে হবে। সরকার সারে ব্যাপক ভর্তুকি দিয়ে আসছে। এ জেলার মাটি সোনার চেয়েও খাঁটি। বেশি সার ব্যবহারের মাধ্যমে মাটিকে নষ্ট না করার আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মহেশ্বরচাঁদা গ্রামে এক কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সমাবেশে পাঁচ শতাধিক কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারর রেজওয়ানা নাহিদ ও কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঝিনাইদহের উপ-পরিচালক কামরুজ্জামানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, কৃষক হেলাল উদ্দিন ও টিপু সুলতান প্রমুখ।