কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
নিখোঁজের ৪ দিন পর ঝিনাইদহে কোটচাঁদপুর উপজেলায় এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে হরিণদিয়া গ্রামে ঝামাঘাটা পাড়ার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মফিজুল ইসলাম (৪০) উপজেলার কুশনা ইউনিয়নের হরিণদিয়া গ্রামের মৃত মসলেম উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, ৪ দিন আগে মফিজুল তার বাড়ি থেকে বের হন। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে আনুমানিক দুই’শ গজ দুরের একটি পুকুরে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।
পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
কোটচাঁদপুর থানার ওসি আজাদ রহমান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। মফিজুল ইসলাম মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে তার পরিবার দাবি করছে। সে কারণে তিনি প্রতিবন্ধী ভাতাও পেতেন।
ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও ওসি জানান।