পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
পাইকগাছা-কয়রার মানুষের চিকিৎসাসহ সব ধরনের আধুনিক সেবা নিশ্চিত করাই তার লক্ষ্য ও উদ্দেশ্য বলে জানিয়েছেন খুলনা জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব ও খুলনা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পি। বৃহস্পতিবার (২০ আগস্ট) খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া মিলনবীথি সরকারি প্রাইমারি স্কুলে আয়োজিত দিনব্যাপী ফ্রি আই-ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি হিসেবে তিনি এ অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেন।
তিনি বলেন, সব সময় মানবসেবার কাজে আমার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে। শুধু আমি একা নই, এই কাজে যারা সহযোগিতা করবেন তাদের প্রতিও আমি কৃতজ্ঞ। নিজের এলাকার গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়াতে নিয়মিত ছোট-বড় পরিসরে জনসেবামূলক উদ্যোগ গ্রহণ করতে হবে। জনগণের স্বার্থে নিজেকে নিয়োজিত করাই একজন মহানুভব ব্যক্তির কাজ। এ ধরনের কার্যক্রম আমাদের সবসময় অব্যাহত রাখতে হবে।
আই-ক্যাম্পে সারাদিন ৩৫৫ জন রোগী চিকিৎসাসেবা নেন। সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত ক্যাম্পে রোগীদের চিকিৎসাসেবা দেন ডা. সৌমিত্র বৈরাগী। ক্যাম্প পরিচালনা করেন হাসপাতালের প্রতিনিধি আরাফাত হোসেন।
ক্যাম্পে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে ৪০ জনকে ছানি রোগী হিসেবে শনাক্ত করা হয়।
শনাক্ত রোগীদের সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালে বিনামূল্যে ছানি অপারেশনের মাধ্যমে উন্নতমানের লেন্স প্রতিস্থাপন করা হবে। এছাড়া ৭০ জন রোগীকে চোখ পরীক্ষা শেষে বিনামূল্যে চশমা এবং ৪০ জন রোগীকে বিনামূল্যে চোখের ওষুধ দেওয়া হয়।
আই ক্যাম্পের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চল। সভাপতির বক্তব্যে তিনি বলেন, এই অবহেলিত এলাকার সাধারণ মানুষের কথা চিন্তা করে গত কয়েকবছর এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছি। ভবিষ্যতেও এ কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
ক্যাম্পে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।