স্টাফ রিপোর্টার
, যশোর
বাঘারপাড়ায় নতুন করে সাজানো পৌর পার্কের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে পার্কটি উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।
অনুষ্ঠানে বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভূপালী সরকার, সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মশিউর রহমান, সাবেক পৌর মেয়র আব্দুল হাই মনাসহ স্থানীয় রাজনীতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার একশ শিক্ষাপ্রতিষ্ঠানে ২৫টি করে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক পৌর পার্কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় তিনি পার্কের পরিবেশ, সৌন্দর্য ও ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।
নতুন এ পার্কটি বাঘারপাড়া পৌরবাসীর বিনোদন ও অবসর কাটানোর গুরুত্বপূর্ণ স্থান হিসেবে গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু পার্ক নির্মাণ করলেই হবে না; এর পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও পরিবেশগত সৌন্দর্যও বজায় রাখতে হবে। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।