মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে গাঁজা ফেলে দেওয়ায় নিজ মাকে মারধর এবং পবিত্র কোরআন শরীফে আগুন দেওয়ার অভিযোগে মনিরুল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
গত বুধবার উপজেলার কাজিরবেড় ইউনিয়নের ভগবতিতলা গ্রামে এ ঘটনা ঘটে। মনিরুল ওই গ্রামের গনজের আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সামন্তা বাজার থেকে ৬০০ টাকার গাঁজা কিনে এনে নিজের ঘরের ড্রয়ারে লুকিয়ে রাখেন মনিরুল। বিষয়টি জানতে পেরে তার মা আমেনা খাতুন গাঁজার পুটলিটি টয়লেটে ফেলে দেন। পরে ঘরে ফিরে ড্রয়ারে গাঁজা না পেয়ে মায়ের ওপর চড়াও হন মনিরুল। একপর্যায়ে তিনি মাকে বেধড়ক মারধর করেন এবং ঘরে থাকা পবিত্র কোরআন শরীফে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ উঠেছে। এতে ধর্মগ্রন্থটির দুটি পৃষ্ঠা পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিলে পরিবারের সদস্যরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে এবং মহেশপুর থানা পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে মনিরুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়।
মহেশপুর থানার পুলিশ জানিয়েছে, আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। প্রাথমিক তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।