স্টাফ রিপোর্টার
, যশোর
প্রচণ্ড ক্ষুধা পেয়েছিল কিশোর নুর মোহাম্মদের। পকেটে ছিল না টাকা। যশোর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থায় এক ব্যক্তিকে খাবারের প্যাকেট নিয়ে যেতে দেখে সেটি কেড়ে নেয় সে। প্যাকেট খুলে দেখে ভেতরে ভাত নয়, মিষ্টি। সেখান থেকে সে কয়েকটি মিষ্টি খেয়েও ফেলে।
প্যাকেট কেড়ে নেওয়ার ঘটনায় মিষ্টির মালিক চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এসে নুর মোহাম্মদকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন। পরে পুলিশ তাকে আদালতে পাঠায়।
গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার এ ঘটনার পর এক রাত হাজতবাস করতে হয় নুর মোহাম্মদকে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) নূর মোহাম্মদকে যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (তৃতীয়) আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক সঞ্জয় পাল খাবারের প্যাকেট কেড়ে নেওয়ার ঘটনায় তাকে ৫০ টাকা জরিমানা করেন।
একইসাথে জরিমানা অনাদায়ে তিন দিনের কারাদণ্ডের আদেশও দেওয়া হয়।
কিন্তু জরিমানা দেওয়ার মতো সামর্থ্যও ছিল না নুর মোহাম্মদের। তার কথা শুনে আদালতে থাকা অপর এক হাজতি তাকে ১০০ টাকা দেন।
সেই টাকা থেকে ৫০ টাকা জরিমানা পরিশোধ করে মুক্তি পায় নুর মোহাম্মদ। বাকি ৫০ টাকা নিয়ে বুধবার সন্ধ্যার পর নড়াইলের উদ্দেশে রওনা হয় সে।
নুর মোহাম্মদ জানায়, তার বাড়ি নড়াইলে। যশোরের ঝিকরগাছার একটি কাঁচামালের আড়তে কাজ করে সে।
মঙ্গলবার সন্ধ্যায় বিনা টিকিটে নড়াইলে যাওয়ার জন্য যশোর রেলস্টেশনে অবস্থান করছিল। তখন তার প্রচণ্ড ক্ষুধা লাগে। কাছে কোনো টাকা না থাকায় সে খাবারের প্যাকেটটি কেড়ে নিয়ে কয়েকটি মিষ্টি খেয়ে ফেলে বলে স্বীকার করে।