স্টাফ রিপোর্টার
, যশোর
কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ যশোর শহরে লিফলেট বিতরণ করেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে শহরের বিভিন্ন জায়গায় তাদের পক্ষে দুইটি লিফলেট বিতরণ করা হয়। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অফস) মিরাজুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, লিফলেট এর নিচে যুবলীগ যশোর সদর উপজেলার আহবায়ক পরিচয়দানকারী অশোক বোসের নাম রয়েছে।
লিফলেটে দশ দফা বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।
দেশবাসীর উদ্দেশ্যে লেখা লিফলেটটি মূলত "এআই" দিয়ে তৈরি বলে ধারণা করা হচ্ছে। এছাড়া লিফলেটে যে দাবি জানানো হয়েছে তা পড়ে মনে হচ্ছে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে লিফলেটটি তৈরি করা।
সূত্রটি জানিয়েছে, ১০ দফার প্রথম দফায় আছে অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ করে অবিলম্বে গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করে আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে মুক্তি দিতে হবে।
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করে মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
পণ্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
বৈষম্যহীন সমাজ গঠনের জন্য সকল শ্রেণির মানুষের সমান সুযোগ সৃষ্টি করতে হবে।
আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীদের ওপর 'দমন নিপীড়ন ও সকল মিথ্যা মামলা' প্রত্যাহার, 'গ্রেফতার ও হয়রানি' বন্ধ করতে হবে।
মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে জাতীয় ঐক্য, ধর্মীয় সম্প্রীতি ও সাম্প্রদায়িকতা বিরোধী শক্তিকে আরো জোরদার করতে হবে।
যথাযথ সংস্কার ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
সংশ্লিষ্ট কল্যাণকর সকল দাবি ও সামাজিক দাবিগুলো মেনে কার্যকর করতে হবে।
আরেকটি লিফলেটে লেখা আছে 'দেশ বাঁচাও-জীবন বাঁচাও লুটেরা সরকার হটাও'।
লিফলেট দুটি রাতেই যশোর শহরে বিভিন্ন সড়কে ছড়িয়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অফস) মিরাজুল ইসলাম বুধবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে সুবর্ণভূমিকে বলেন, 'আমি বেনাপোলে আছি। তবে যশোর শহরে লিফলেট বিতরণ করা হয়েছে বলে জানতে পেরেছি। দুটি লিফলেট আমার হাতে এসেছে।'
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'লিফলেট কারা বিতরণ করেছে তা চিহ্নিত করতে পেরেছে পুলিশ। পুলিশ বিষয়টি আরো তদন্ত করছে। তদন্তের স্বার্থে এখনই বিতরণকারীদের নাম পরিচয় বলা যাচ্ছে না।'
এ বিষয়ে পুলিশ সুপারের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।