মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এক ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশ-ইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের তৎপরতায় ওই চেষ্টা প্রতিহত হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) আওতাধীন খোশালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়, সকাল ১০টা ৪৫ মিনিটে সীমান্ত পিলার ৬০/৯৮-আর সংলগ্ন গেট দিয়ে ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের রামনগর ক্যাম্পের সদস্যরা ওই ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেন। এ সময় খোশালপুর বিওপির টহল দলের নজরে পড়লে তারা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশে বাধা দেন।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বিজিবির বাধার মুখে বিএসএফের ওই পুশ-ইন চেষ্টা ব্যর্থ হয়েছে। ওই ব্যক্তি বর্তমানে ভারতের অভ্যন্তরে কাঁটাতারের কাছে অবস্থান করছেন। বিষয়টি এরই মধ্যে ১৯৪ বিএসএফকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে।