সাতক্ষীরা প্রতিনিধি
ক্লাব কাপ ওপেন তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিন স্বর্ণ ও এক রৌপ্যপদক অর্জন করে দারুণ সাফল্য পেয়েছে সাতক্ষীরা তায়কোয়ান্দো ক্লাব। ঢাকার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত দুই দিনের এ প্রতিযোগিতায় অংশ নিয়ে ক্লাবটির চার প্রতিযোগীই পদক জয় করেন।
বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের সহযোগিতায় মোহাম্মদপুর তায়কোয়ান্দো ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন ক্লাবের খেলোয়াড়রা অংশ নেন।
কিউরুগি (ফাইট) বিভাগে জুনিয়র ৩২ কেজি ওজন শ্রেণিতে শামিম হোসেন, জুনিয়র ৩৯ কেজিতে জুনায়েদ হোসেন এবং সিনিয়র ৬৮ কেজিতে সাবিব উজ জামান রাজ স্বর্ণপদক অর্জন করেন।
এছাড়া ইমন গাজী লাভ করেন রৌপ্যপদক।
দলটির কোচের দায়িত্বে ছিলেন আল ইমরান। চারজন প্রতিযোগী অংশ নিয়ে চারটি পদকই জয় করায় ক্লাবটির এ সাফল্যকে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। গৌরবময় এ সাফল্যে খেলোয়াড় ও প্রশিক্ষকদের অভিনন্দন জানিয়েছে সাতক্ষীরা তায়কোয়ান্দো ক্লাব কর্তৃপক্ষ।
প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক। অনুষ্ঠানে তায়কোয়ান্দো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানাসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।