খুলনা অফিস
খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন আরও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে।
একই সময়ে বিভাগের দশ জেলা ও দুটি বিশেষায়িত হাসপাতালে নতুন করে ৩০২ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
মঙ্গলবার দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে খুলনা জেলার বিভিন্ন হাসপাতালে দুইজন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৫৫ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৩০২ রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ২৩১ এবং বেসরকারি হাসপাতালে ৭১ জন ভর্তি হয়েছেন।
এর মধ্যে খুলনা জেলায় সবচেয়ে বেশি ১৪৩ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৪৪ জন, বাগেরহাটে ৩৫, যশোরে ১৮, নড়াইলে ১৮, সাতক্ষীরায় ১৬ (সাধারণ ও মেডিকেল কলেজ মিলিয়ে), মাগুরায়, মেহেরপুরে আট, কুষ্টিয়ায় সাত এবং চুয়াডাঙ্গায় তিনজন নতুন রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত খুলনা বিভাগে মোট ১৫ হাজার ৬৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৩৭৯ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে এক হাজার ২৬৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।