যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, তীব্র ক্ষোভ

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ৬ অক্টোবর,২০২৬, ০৮:০৩ পিএম
আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর,২০২৬, ০৮:৩৫ পিএম
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, তীব্র ক্ষোভ

ঝিনাইদহ শহরের প্রবেশপথ ও কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় অবস্থিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। খবর পেয়ে দ্রুত ভাস্কর্য থেকে সেটি অপসারণ করা হয়।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কামালুজ্জামান কামাল জানান, সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে তিনি লোক পাঠিয়ে ভাস্কর্য থেকে জুতার মালা সরিয়ে ফেলেন। তিনি বলেন, ‘এটি জাতির শ্রেষ্ঠ সন্তানদের চরম অবমাননা। ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

টার্মিনাল এলাকার প্রত্যক্ষদর্শী এক ব্যবসায়ী জানান, সকালে দোকান খোলার সময় তিনি ভাস্কর্যের মাথায় জুতার মালা ঝুলতে দেখেন। দেশের জন্য জীবন দেওয়া একজন বীরশ্রেষ্ঠের এমন অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া যায় না উল্লেখ করে তিনি এ ঘনার সাথে জড়িতদের শাস্তির দাবি জানান।

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাতিজা হাফিজুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে ফেলার জন্য কোনো চক্র পরিকল্পিতভাবে এটি করছে। এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’

এর আগে গত জুলাই মাসে এই ভাস্কর্যটি ভাঙার চেষ্টা করা হলে সুবর্ণভূমিসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর দেশজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। পরে জেলা প্রশাসনের নির্দেশে এটি ভাঙার কাজ স্থগিত করে ভাস্কর্যটি সংস্কার ও রং করা হয়েছিল।

এ বিষয়ে ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ নোমান হোসেন জানান, ঘটনাটি সম্পর্কে প্রশাসন অবহিত হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে এবং দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)