সংবাদ বিজ্ঞপ্তি
বক্স থেকে স্লিপ তোলা হচ্ছে। মাইক্রোফোনে উচ্চারিত হচ্ছে বাংলা, ইংরেজি কিংবা আরবি শব্দ। শিক্ষকের উচ্চারণের পরই শুরু হচ্ছে সময় গণনা। নির্ধারিত সময়ের মধ্যে অক্ষর ও বর্ণ মিলিয়ে শব্দ গঠনের প্রতিযোগিতায় মেতে উঠছে শিশুরা।
রোববার (১১ অক্টোবর) বিকেলে যশোর শহরের লালদীঘি পাড়ে ব্রাদার টিটোস হোমে দেখা যায় এমনই প্রাণবন্ত দৃশ্য।
এদিন প্রতিষ্ঠানটির আঙিনায় প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় বানান প্রতিযোগিতা। প্রথম রাউন্ডে প্রথম শ্রেণির শিক্ষার্থী আয়েশা নাফিজা ও রিসলিয়া রাবাবের মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই।
বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় শব্দ গঠনের এ প্রতিযোগিতা চলে আধা ঘণ্টারও বেশি সময় ধরে। শেষ পর্যন্ত জয়ী হয় রিসলিয়া রাবাব।
আত্মবিশ্বাসের সঙ্গে অক্ষর ভেঙে ভেঙে শব্দ বলার দৃশ্য মুগ্ধ করে উপস্থিত অভিভাবকদের।
প্রথম রাউন্ডে দ্বিতীয় স্থান অর্জন করে আয়েশা নাফিজা এবং তৃতীয় হয় সাদ ইবনে রহমান।
এরপর দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডে প্রথম হয় জুওয়াইরিয়া, দ্বিতীয় আফ্রিদা ও তৃতীয় মারইয়াম রহমান।
শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের জন্যও ছিল বানান প্রতিযোগিতার আয়োজন। এতে প্রথম হন সাদিয়া আফিরিন, দ্বিতীয় আয়শা সিদ্দিকা ঐশি এবং তৃতীয় শেখ মাসুদ পারভেজ।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানারআপদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের অতিথি দৈনিক রানারের যুগ্ম বার্তা সম্পাদক সালমান হাসান রাজিব বিজয়ীদের হাতে ক্রেস্ট ও বই তুলে দেন এবং উত্তরীয় পরিয়ে দেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রাদার টিটোস হোম স্কুলের অধ্যক্ষ আলী আজম টিটো।