ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের ঝিকরগাছায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেছেন জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা।
একই সঙ্গে চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাস দমন, কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকালে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব বিষয়ে আলোচনা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এম সাইফুল্লাহ।
প্রধান অতিথি ছিলেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।
সভায় বাল্যবিবাহ প্রতিরোধ, যানজট নিরসন, বাজারদর নিয়ন্ত্রণ, মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়।
আসন্ন দুর্গোৎসব নির্বিঘ্ন করতে মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবক নিয়োজিত করার সিদ্ধান্ত হয়।
একই সঙ্গে হিন্দু-মুসলিমের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জ্যেষ্ঠ নেতা মোর্তোজা এলাহি টিপু।
আরও বক্তব্য রাখেন ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান হাসান সামাদ নিপুন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নজরুল ইসলাম খান।