কয়রা (খুলনা) প্রতিনিধি
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনার কয়রায় উপজেলা প্রশাসন প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদানের চালের ডিও (ডিমান্ড অর্ডার) বিতরণ করেছে। সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল্লাহ আল জাবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কয়রা-পাইকগাছা আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস।
প্রস্তুতি সভায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলায় আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি এবং মণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব নুরুল আমিন বাবুল, জেলা বিএনপির সদস্য এম এ হাসান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জি এম মাওলা বক্স, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শরিফুল আলম, কয়রা থানার উপপরিদর্শক (এসআই) তনয় কুমার পাল, উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল আহাদ, কয়রা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট অম্বিকা চরণ সানা, সাধারণ সম্পাদক দিলীপ কুমার বৈরাগী এবং খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য অরবিন্দ কুমার মণ্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভা শেষে উপজেলার প্রতিটি পূজামণ্ডপের নেতৃবৃন্দের হাতে সরকারি অনুদানের চালের ডিও হস্তান্তর করা হয়।