কয়রা (খুলনা) প্রতিনিধি
দেশব্যাপী ফ্যামিলি কার্ড কার্যক্রমের অংশ হিসেবে পরিবারভিত্তিক আর্থসামাজিক তথ্য সংগ্রহ ও অবহিতকরণ সভা উপলক্ষে খুলনার কয়রায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে কয়রা উপজেলা পরিষদ মিলন্যাতনে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে ফ্যামিলি কার্ড কার্যক্রমের মূল উদ্দেশ্য ও তথ্য সংগ্রহের সার্বিক প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকী।
ইউএনও জানান, আজ ১২ অক্টোবর থেকে শুরু হওয়া এই তথ্যসংগ্রহ কার্যক্রম আগামী ৩০ নভেম্বর পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে চলবে। এই শুমারির মাধ্যমে দেশব্যাপী প্রায় ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহ করে একটি কেন্দ্রীয় ডিজিটাল ডেটাবেজ তৈরি করা হবে। এর মধ্যে চলতি ২০২৬-২৭ অর্থবছরে নতুন করে ৪০ থেকে ৪১ লাখ নারী পরিবারপ্রধানকে ফ্যামিলি কার্ড ও সরাসরি ভাতার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
তিনি আরও জানান, দেশব্যাপী নিয়োগকৃত ৬৬ হাজার ৮১৫ জন প্রশিক্ষিত তথ্য সংগ্রহকারী এবং ৬ হাজার ৬৮১ জন সুপারভাইজার এই বৃহৎ কার্যক্রমে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন। এরই অংশ হিসেবে কয়রা উপজেলার ৭টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের ঘরে ঘরে গিয়ে মাঠকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্যসংগ্রহ করবেন। সম্পূর্ণ এনআইডি (NID) ও আধুনিক সফটওয়্যার প্রযুক্তিনির্ভর এই শুমারিতে মোট ৫১টি প্রশ্নের উত্তর সংগ্রহের মাধ্যমে প্রকৃত হতদরিদ্র, দরিদ্র ও নিম্নআয়ের পরিবারগুলোকে তালিকাভুক্ত করা হবে।
জালিয়াতি ও দ্বৈততা রোধে এই কার্ডটি সরকারের ‘টাকা পে’ পেমেন্ট ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকবে, যার মাধ্যমে সুবিধাভোগীরা এটিএম বুথ বা মোবাইল ব্যাংকিংয়ের (বিকাশ, নগদ) মাধ্যমে সরাসরি ভাতার টাকা তুলতে পারবেন। এই সেবাটি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে এবং তালিকায় নাম তোলার নামে কেউ অর্থ দাবি করলে সরকারি হেল্পলাইন ১০৯৮ নম্বরে কল করে অভিযোগ জানানোর অনুরোধ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব নুরুল আমিন, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, কয়রা প্রেসক্লাবের সভাপতি শরিফুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কে এম মফিজুর রহমান এবং কয়রা উপজেলা কৃষক দলের আহ্বায়ক এস এম গোলাম রসুলসহ উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া কয়রায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।