সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী মোল্লার মোড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শামীমা নাসরিন নামে এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন।
এ দুর্ঘটনায় তার স্বামী গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার (১২ অক্টোবর) সকালে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ।
নিহত শামীমা নাসরিন উপজেলার ভাড়ুখালি মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) বিষয়ের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি বৈকারী গ্রামের মো. জালালউদ্দীনের মেয়ে।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, সকালে স্বামী আব্দুল মজিদের মোটরসাইকেলে চড়ে শামীমা নাসরিন বাবার বাড়ি থেকে কর্মস্থল ভাড়ুখালি মাধ্যমিক বিদ্যালয়ে যাচ্ছিলেন।
পথিমধ্যে মোল্লার মোড় এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি বাম দিকে মোড় নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই শামীমা নাসরিন মারা যান।
দুর্ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল চালক আব্দুল মজিদকে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করেছেন। এসআই শরিফুল ইসলাম আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করে বৈকারী ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখা হয়েছে।
এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।