স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকা থেকে গুলিসহ আটক শহিদুল তালুকদারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১২ অক্টোবর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল রিমান্ড আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন।
শহিদুল শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার জয়নাল তালুকদারের ছেলে।
মামলার বিবরণে বলা হয়, গত শুক্রবার গভীর রাতে বেজপাড়া টিবি ক্লিনিক এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ। এ সময় একটি ঘর থেকে শহিদুলসহ তিনজনকে আটক করা হয়। পরে শহিদুলের কাছ থেকে চার রাউন্ড পিস্তলের গুলি, এক বোতল উইনসেরেক্স কফ সিরাপ এবং নগদ দুই লাখ ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই অরুণ কুমার মণ্ডল বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন।
পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাইসুল ইসলাম আসামি শহিদুলের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন।
সোমবার রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।