যশোর, বাংলাদেশ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ:

হাসপাতালে ঢুকে মারধর, সাতক্ষীরায় যুবকের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১৪ অক্টোবর,২০২৬, ০৩:১৮ পিএম
আপডেট : বুধবার, ১৪ অক্টোবর,২০২৬, ০৩:৪৬ পিএম
হাসপাতালে ঢুকে মারধর, সাতক্ষীরায় যুবকের মৃত্যু

ধর্মীয় অনুভূতিতে আঘাত ও কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগে সাতক্ষীরার দেবহাটায় সংঘবদ্ধ মারধরের শিকার ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে অবস্থার অবনতি হলে পুলিশ পাহারায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ওয়াহিদুজ্জামান শামীম দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ গ্রামের শামসুল রহমান সানার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শামীমের কয়েকটি অডিও কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়। ওই অডিওতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন মন্তব্য রয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।

বিষয়টি জানাজানি হলে গত সোমবার (১২ অক্টোবর) রাতে স্থানীয় কয়েক ব্যক্তি তার বাড়িতে যান। এসময় শামীম বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গেছে।

পরে তার ভাইয়েরা তাকে উদ্ধার করে কুলিয়া এলাকার একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে ভর্তি করেন।

এদিকে মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে পুনরায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে উত্তেজিত জনতা কুলিয়ার ওই চিকিৎসা কেন্দ্রে গিয়ে শামীমকে মারধর করে।

পরে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেও দ্বিতীয় দফায় তার ওপর হামলার ঘটনা ঘটে।

শামীমের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে রাত ১১টার দিকে পুলিশ পাহারায় উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন এ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, ‘ধর্মীয় অবমাননার অভিযোগে উত্তেজিত জনতা ওই যুবককে ঘেরাও করলে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তীতে কিছু লোক জোরপূর্বক হাসপাতালে ঢুকে তাকে দ্বিতীয় দফা মারধর করে। পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।’

ওসি আরও জানান, এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এ বিষয়ে সুনির্দিষ্ট আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)