মাগুরা প্রতিনিধি
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও নাগরিকদের জন্য মানসম্মত পৌরসেবা নিশ্চিত করার দাবিতে মাগুরায় মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করেছে জেলা গণকমিটি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় মাগুরা পৌরসভা কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশ শেষে দাবিসম্বলিত একটি স্মারকলিপি পৌর প্রশাসকের কাছে হস্তান্তর করেন কমিটির নেতারা।
গণকমিটি মাগুরা জেলার আহ্বায়ক এটিএম মহব্বত আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক ও শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজ এবং মাগুরা জেলা বণিক সমিতির সভাপতি হুমায়ূন কবীর রাজা। সমাবেশ সঞ্চালনা করেন কমিটির সদস্যসচিব প্রকৌশলী শম্পা বসু।
সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি মাগুরা পৌরসভায় আগের বছরের তুলনায় কয়েক গুণ পৌরকর বাড়ানো হয়েছে। বর্তমানে পৌরসভায় নির্বাচিত মেয়র না থাকলেও নাগরিকদের সঙ্গে কোনো আলোচনা কিংবা আগাম নোটিস ছাড়াই কী নিয়মে এই কর বৃদ্ধি করা হয়েছে, তা কারও জানা নেই।
বক্তারা অভিযোগ করেন, নিয়মিত কর পরিশোধ করার পরও নাগরিকেরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। শহরে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। অপরিকল্পিত নগরায়ণ রোধেও কার্যকর উদ্যোগের চরম অভাব রয়েছে।
নেতাদের অভিযোগ, ময়লা-আবর্জনা অপসারণের জন্য নাগরিকদের অতিরিক্ত অর্থ দিতে হলেও শহরের বর্জ্য ব্যবস্থাপনা সন্তোষজনক নয়। বিভিন্ন এলাকার বর্জ্য নদীতে ফেলে পরিবেশ ও পানি দূষণ করা হচ্ছে। এ ছাড়া শহরে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত গণশৌচাগারের অভাব রয়েছে। অনেক এলাকায় সড়কবাতি নষ্ট এবং রাস্তাঘাট খানাখন্দে ভরা। নিয়মিত মশার ওষুধও ছিটানো হয় না।
বক্তারা স্পষ্ট জানান, নাগরিক সুবিধা নিশ্চিত না করে বাড়ানো পৌরকর অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং পৌরসভার সেবার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।