যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চুরির অপবাদে তালায় মৎস্যজীবীকে পিটিয়ে-কুপিয়ে হত্যা

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ১৬ অক্টোবর,২০২৬, ০৪:১৬ পিএম
আপডেট : শুক্রবার, ১৬ অক্টোবর,২০২৬, ০৫:৩৫ পিএম
চুরির অপবাদে তালায় মৎস্যজীবীকে পিটিয়ে-কুপিয়ে হত্যা

মাছ চুরির অপবাদ দিয়ে সাতক্ষীরার তালা উপজেলায় ক্ষিতিশচন্দ্র মণ্ডল (৫৫) নামে এক মৎস্যজীবীকে পিটিয়ে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ অক্টোবর) ভোররাত ৩টার দিকে উপজেলার জেয়ালা উত্তরখোলা বিলে বিশ্বনাথ ঘোষের মাছের ঘেরে এই ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর বেলা ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ক্ষিতিশচন্দ্র মণ্ডল ওই এলাকার বাসিন্দা ও পেশায় একজন মৎস্যজীবী ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানিয়েছে, শুক্রবার ভোররাতে জেয়ালা উত্তরখোলা সরকারি বিলের বিশ্বনাথ ঘোষের মৎস্য ঘের থেকে ক্ষিতিশ চন্দ্র মণ্ডলকে আটক করে ঘেরের লোকজন।

অভিযোগ রয়েছে, ঘেরের মালিক বিশ্বনাথ ঘোষ ও কর্মচারী গফফারের নেতৃত্বে শিমুল ঘোষ, হাবিবুর গাজী, ইব্রাহিম খাঁ, সমর ঘোষসহ ১৫ থেকে ২০ জন সংঘবদ্ধভাবে ক্ষিতিশ মণ্ডলের ওপর চড়াও হয়। একপর্যায়ে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে তার দুই হাত-পা ভেঙে দেওয়া হয় এবং ধারালো অস্ত্র দিয়ে মাথায় উপর্যুপরি কোপানো হয়।

খবর পেয়ে নিহতের স্ত্রী সুলেখা মণ্ডল স্থানীয় প্রতিবেশীদের সহায়তায় ঘটনাস্থল থেকে তাকে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন। সকাল ৮টার দিকে তাকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী পার্থ মণ্ডল ও প্রকাশ মণ্ডল জানান, নিহতের শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর ও নৃশংস আঘাতের চিহ্ন রয়েছে। তার হাত-পা ভাঙা ছাড়াও মাথায় ধারালো অস্ত্রের একাধিক গভীর ক্ষত দেখা গেছে।

নিহতের স্ত্রী সুলেখা মণ্ডল ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘স্বামীকে মারধরের খবর পেয়ে আমি বিলে গিয়ে তাকে উদ্ধার করি। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারধরে সরাসরি জড়িত কয়েকজনের নাম আমাকে বলে গেছেন। এই নির্মম হত্যাকাণ্ডে জড়িত ঘের মালিকসহ সব আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সিরাজুল ইসলাম জানান, সকাল ৮টার দিকে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের প্রক্রিয়া চলছিল। কিন্তু এর আগেই চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলেই মামলা রুজু করে জড়িতদের দ্রুত গ্রেপ্তারে অভিযান চালানো হবে।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)