সুবর্ণভূমি ডেস্ক
ভারতের অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরাকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ।
তবে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দলটি।
আটকের আট ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও দিপকে কোথায় রয়েছেন, তা জানতে পারেননি বলে অভিযোগ করেছেন সিজেপির নেতারা। খবর এএনআইয়ের।
দিল্লি পুলিশ জানিয়েছে, দিল্লি পুলিশ আইনের ৬৫ ধারায় প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নেহা বোরাকে মুক্তি দেওয়া হয়েছে।
অন্যদিকে, দিপকের বিরুদ্ধে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১২৬ ও ১৭০ ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার কথা রয়েছে।
দিপকের অনুপস্থিতিতে দলের নেতৃত্বের দায়িত্বে থাকা অজিঙ্কা শিন্ডে এএনআইকে বলেন, দিপককে আটকের পর আট ঘণ্টার বেশি সময় পার হয়েছে। কিন্তু তার অবস্থান সম্পর্কে দলকে কিছু জানানো হয়নি।
এমনকি তাকে আইনজীবী বা দলের সদস্যদের সঙ্গে যোগাযোগের সুযোগও দেওয়া হচ্ছে না। কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি।
শুক্রবার নয়াদিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে নির্ধারিত কর্মসূচির কয়েক ঘণ্টা আগে দিপককে আটক করে পুলিশ। এক সপ্তাহের মধ্যে এটি তার দ্বিতীয়বার আটক হওয়ার ঘটনা।
একই দিন যন্তর মন্তরের কাছ থেকে আটক করা হয় আইসার সভাপতি নেহা বোরাকে। এর আগে ১০ অক্টোবর আটক হওয়ার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল।
এদিকে সিজেপির আরও দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা পাঁচ দিনের কারা হেফাজতে রয়েছেন।
নয়াদিল্লিতে ফিরে কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ‘লেহরা দো তেরঙ্গা’ শিরোনামে মিছিলের ঘোষণা দিয়েছিলেন দিপক। শুক্রবার বিকেলে এ কর্মসূচি হওয়ার কথা ছিল।
তবে মিছিলের কয়েক ঘণ্টা আগে দিল্লি পুলিশ তার কাছে একটি নোটিশ পাঠিয়ে কর্মসূচি আয়োজন না করার নির্দেশ দেয়।
করোলবাগে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (শারদ পাওয়ার) মুখপাত্র অনীশ গাওয়ান্ডের বাসা থেকে দিপককে আটক করা হয় বলে জানা গেছে।
একই সময়ে কনট প্লেসে জড়ো হওয়া বিপুলসংখ্যক মানুষকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ ও নিরাপত্তা বাহিনী।