বিজেপি নেতার মন্তব্যে বিতর্ক
সুবর্ণভূমি ডেস্ক
আমেরিকার সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হলে ভারতের ইসলামাবাদের পাশে দাঁড়ানো উচিত বলে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন রাজস্থানের বিজেপি সভাপতি মদন রাঠৌর। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক সভায় তিনি এ মন্তব্য করেন। পরে নিজের বক্তব্যের পক্ষে যুক্তিও দেন এই বিজেপি নেতা।
রাঠৌর বলেন, ‘যদি আজ আমেরিকা এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়, তা হলে আমরা পাকিস্তানের পাশেই থাকবো। কারণ পাকিস্তান আমাদের প্রতিবেশী দেশ।’
তবে ভারতের সঙ্গে কোনো সমস্যা হলে দেশের স্বার্থেই ভারতের পাশে থাকার কথা জানান তিনি। এ প্রসঙ্গে রাঠৌর বলেন, ‘যখন আমাদের মধ্যে কোনও সমস্যা হবে, আমরা অবশ্যই ভারতের পাশে থাকবো। বোঝা গেল? এটা আমাদের বোঝা উচিত।’
তার এই মন্তব্য প্রকাশ্যে আসার পর বিজেপিকে আক্রমণ করেছে কংগ্রেসসহ বিরোধীদলগুলো। কংগ্রেসের জাতীয় মুখপাত্র শামা মহম্মদ রাজস্থানের বিজেপি সভাপতিকে ‘দেশদ্রোহী’ বলে কটাক্ষ করেছেন।
সমাজমাধ্যমে দেওয়া এক পোস্টে শামা মহম্মদ লিখেছেন, ‘যে দেশ আমাদের দেশের মানুষ এবং সেনাদের হত্যা করেছে, সেই পাকিস্তানের প্রতি বিজেপির প্রেম আরও একবার প্রকাশ্যে চলে এলো। নরেন্দ্র মোদি, অমিত শাহও কি পাকিস্তানের পক্ষে? ওই দেশদ্রোহীর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে?’
সুত্র: আনন্দবাজার