স্টাফ রিপোর্টার
, যশোর
আগামী ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ডে বিষয়, বিভাগ ও ছবি সংশোধনের সুযোগ দিয়েছে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
আগামী ১৪ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীপ্রতি ৮০০ টাকা ফি দিয়ে এ সংশোধন করা যাবে। নির্ধারিত সময়ের পর আর সংশোধনের সুযোগ থাকবে না বলে জানিয়েছে বোর্ড।
বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে দশম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের নবম শ্রেণিতে রেজিস্ট্রেশনের সময় বিষয়, বিভাগ বা ছবিতে কোনো ভুল থাকলে তা সংশোধন করা যাবে।
এ জন্য গত ১৪ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের এ সময়ের মধ্যে প্রয়োজনীয় সংশোধন সম্পন্ন করতে বলা হয়েছে।
বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ভুল সংশোধন না করা হলে এর দায়দায়িত্ব সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে নিতে হবে। পরবর্তী সময়ে এসব ভুল সংশোধনের কোনো সুযোগ দেওয়া হবে না।
উপশহর বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের প্রধান শিক্ষক এস এম রবিউল আলম বলেন, রেজিস্ট্রেশনের সময় যেসব শিক্ষার্থীর বিষয়, বিভাগ বা ছবিতে ভুল হয়েছে, তাদের সংশোধনের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
আগামী ১৪ নভেম্বরের মধ্যে সংশোধন সম্পন্ন করতে বলা হয়েছে। এসব শিক্ষার্থীর নির্বাচনি পরীক্ষা আগামী ২৭ অক্টোবর থেকে শুরু হবে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের বিদ্যালয় পরিদর্শক মু. এনামুল কবীর বলেন, সংশোধনসংক্রান্ত বিজ্ঞপ্তি সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানেরা সংশোধন না করলে পরে আর কোনো সুযোগ থাকবে না।