চুয়াডাঙ্গা প্রতিনিধি
নিখোঁজের পাঁচ দিন পর চুয়াডাঙ্গার জীবননগরে চান মিয়া ওরফে চান্দ আলী (৫৫) নামে এক ভ্যানচালকের মাথাবিহীন গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শাহাপুর পুলিশ ক্যাম্পের অদূরে কোটচাঁদপুর সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত চান মিয়া জীবননগর উপজেলার হাসাদহ বালিগর্ত পাড়ার মৃত জোনাব আলীর ছেলে। তিনি পেশায় রিকশাভ্যানচালক ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থেকে চান মিয়া নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। নিখোঁজের পর থেকে তাঁর রিকশাভ্যানটিরও কোনো হদিস মিলছিল না। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।
সোমবার (১৯ অক্টোবর) সকালে শাহাপুর কোটচাঁদপুর সড়কের পাশে একটি মাথাবিহীন গলিত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
খবর পেয়ে নিহতের স্বজনরা এসে লাশটি নিখোঁজ চান মিয়ার বলে শনাক্ত করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রিকশাভ্যানটি ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। নিখোঁজের ঘটনায় আগেই থানায় জিডি করা হয়েছিল। লাশটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।