যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে খুলনায় ব্যাপক তৎপরতা

খুলনা অফিস

প্রকাশ : সোমবার, ১৯ অক্টোবর,২০২৬, ০৮:৪৫ পিএম
আপডেট : সোমবার, ১৯ অক্টোবর,২০২৬, ০৯:০৫ পিএম
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে খুলনায় ব্যাপক তৎপরতা

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনা ও বাগেরহাট জেলা সফর করবেন। সফরকালে হেলিকপ্টার থেকে সুন্দরবন ও হিরণ পয়েন্ট পর্যবেক্ষণের পাশাপাশি মোংলা নৌঘাঁটিতে সভায় যোগ দেবেন। এছাড়া, মোংলা বন্দরের জেটি ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কর্মসূচি রয়েছে তার।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত রোববারের এক পত্রে এ সফরসূচি জানানো হয়।

এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সুন্দরবন, দাকোপ উপজেলা ও মোংলা বন্দর এলাকায় নিছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিল্প ও রূপসা-পশুর অববাহিকায় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী নিজ বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন। সকাল ৯টায় বিমানবন্দরে পৌঁছে হেলিকপ্টারে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করবেন তিনি। সকাল ১০টায় হেলিকপ্টার থেকে হিরণ পয়েন্ট ও সুন্দরবন এলাকা পর্যবেক্ষণ করবেন প্রধানমন্ত্রী।

সকাল সাড়ে ১০টায় পর্যবেক্ষণ শেষে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন তিনি। সেখান থেকে লঞ্চঘাটে গিয়ে সকাল ১০টা ৪৫ মিনিটে নৌপথে বাগেরহাটের বানৌজা মোংলার উদ্দেশে রওনা হবেন।

দুপুর পৌনে একটায় বানৌজা মোংলার জেটিতে পৌঁছে ওয়ার্ডরুমের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। দুপুর একটায় মধ্যাহ্নবিরতির কর্মসূচি রয়েছে। এসময় খুলনার বিভাগীয় কমিশনার এবং খুলনা ও বাগেরহাটের জেলা প্রশাসক উপস্থিত থাকবেন। পরে দুপুর পৌনে দুইটায় ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত সভায় যোগ দেবেন তিনি।

সফরসূচি অনুযায়ী, বিকেল পৌনে তিনটায় মোংলা বন্দরের জেটি পরিদর্শনের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। বিকেল তিনটায় জেটিতে পৌঁছে সেটি পরিদর্শন করবেন। এরপর বিকেল সোয়া তিনটায় প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশে যাত্রা করবেন তিনি। বিকেল সাড়ে তিনটায় অর্থনৈতিক অঞ্চলটি পরিদর্শনের কর্মসূচি রয়েছে।

সফর শেষে বিকেল চারটায় হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। বিকেল পাঁচটায় তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

খুলনা জেলা প্রশাসনের সূত্র জানায়, আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) তিনি খুলনা, মোংলা ও সুন্দরবন সফর করবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে উপকূলীয় এই অঞ্চলে প্রশাসনিক তৎপরতা ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এর আগে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে খুলনার দাকোপের নলিয়ান এলাকা ঘুরে দেখেছেন জাতীয় সংসদের হুইপ সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল, সংসদ সদস্য আমির এজাজ খান। ইতিমধ্যেই নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে হেলিপ্যাড তৈরি করা হয়েছে।

দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বোরহান উদ্দিন মিটু বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থানীয় পর্যায়ে নিরাপত্তা ও যাতায়াত সমন্বয়ের কাজ দ্রুত এগিয়ে চলছে। তবে, স্থানীয় পর্যায়ে পৃথক কোনো রাজনৈতিক বা প্রশাসনিক কর্মসূচি থাকছে না।

খুলনা জেলা পুলিশ সুপার ড. ওমর ফারুক সরকার জানান, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে দাকোপের নলিয়ানসহ সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন, সুশৃঙ্খল ও নিরাপদ করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় সমন্বয়মূলক পদক্ষেপ ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে।

খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ ও সুন্দরবন পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আগমন ও সুন্দরবন পর্যবেক্ষণ এলাকাকে ঘিরে বনবিভাগের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ও তদারকি ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)