স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর শিক্ষাবোর্ডের অধীনে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীয় অংশগ্রহণেচ্ছুদের ফরম পূরণের সময় আগামী ১৬ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত। এর আগে ১৫ নভেম্বর নির্বাচনি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। ফরম পূরণের জন্য বোর্ডের নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত কোনো টাকা না নেওয়ার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিদের্শনা দেওয়া হয়েছে।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৭ সলের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বিলম্ব ফি ছাড়া ১৬ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ফরম পূরণ এবং অনলাইনে ফি জমা দেওয়ার তারিখ ২৪ ও ২৫ নভেম্বর। বিলম্ব ফিসহ অনলাইনে ফরমপূরণ ২৯ নভেম্বর এবং পরীক্ষার্থী প্রতি একশ’ টাকা হারে বিলম্ব ফিসহ অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর।
রেজিস্ট্রেশনের মেয়াদ থাকাসাপেক্ষে জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীসহ আবশ্যিক ও নৈর্বাচনিক বিষয়/বিষয়সমূহে এক থেকে চার বিষয়ে ২০২৫ সালের অকৃতকার্য পরীক্ষার্থীদের ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অকৃতকার্য বিষয়/বিষয়সমূহে অংশগ্রহণের জন্য নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানের বরাবর সাদা কাগজে আবেদন করার শেষ তারিখ ১৪ নভেম্বর।
সূত্র জানায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সব বিষয়ে অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ ৫ এর কম পেয়েছে—এমন পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে ২০২৭ সালের পরীক্ষায় জিপিএ উন্নয়নের জন্য অংশগ্রহণ করতে পারবে। তাদেরকে সব বিষয়ে ২০২৬ সালের সিলেবাসে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ২০২৭ সালের পরীক্ষায় প্রাপ্ত ফলাফলে জিপিএ উন্নয়ন হলে তা গ্রহণ করা হবে। না হলে আগের জিপিএ বহাল থাকবে। জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীকে আগের পরীক্ষার প্রবেশপত্র এবং অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টের সত্যায়িত ফটোকপি প্রিন্ট কপির সাথে জমা দেওয়ার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বহিষ্কৃত পরীক্ষার্থীদের শাস্তির মেয়াদ উত্তীর্ণ হয়ে থাকলে এবং রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে তারা ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবে। তাদেরকে সব বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
নির্বাচনি পরীক্ষায় অংশগ্রহণের ব্যাপারে জানানো হয়েছে, জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী এবং যে সকল পরীক্ষার্থী ইতোমধ্যে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হয়েছে তাদের ব্যতীত নির্বাচনি পরীক্ষায় অংশগ্রহণ সকল শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক।
পরীক্ষার্থীদের বেতন ও সেশন চার্জ ৩১ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। এছাড়া বিজ্ঞান বিভাগের (নিয়মিত) চতুর্থ বিষয়সহ বোর্ড ও কেন্দ্র ফি মিলে মোট দুই হাজার ৪৩৫ টাকা, ব্যবসায় শিক্ষা (নিয়মিত) চতুর্থ বিষয়সহ বোর্ড ও কেন্দ্র ফি দুই হাজার ৩১৫ টাকা, মানবিক বিভাগে বোর্ড ও কেন্দ্র ফি দুই হাজার ৩১৫ টাকা পরিশোধ করতে হবে।
পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম হোসেন আলী সুবর্ণভূমিকে জানিয়েছেন, বোর্ডের নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত টাকা কোনো অবস্থায় নেওয়া যাবে না। এ সংক্রান্ত কোনো অভিযোগ পেলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, ‘২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের মতো একইভাবে ফরম পূরণ করা যাবে। নতুন কোনো কিছু নিয়মকানুন যোগ করা হয়নি। আশা করছি, সুষ্ঠুভাবে পরীক্ষার ফরম পূরণ করা সম্ভব হবে।’