স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে পুলিশের ইন্সপেক্টর পদমর্যাদার বেশ কয়েকজন কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। নতুন ওসি হিসেবে তিনজন পুলিশ ইন্সপেক্টরকে বদলি করা হয়েছে। এছাড়া আরও চার পুলিশ ইন্সপেক্টরকে রদবদল করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের এক আদেশে এই রদবদল করা হয়। জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেনকে চৌগাছা থানার ওসি, কোর্ট পুলিশ ইন্সপেক্টর মুহাম্মদ শহীদ তিতুমীরকে বেনাপোল পোর্ট থানার ওসি ও ডিবি পুলিশের ইন্সপেক্টর জিয়াউর রহমানকে বাঘারপাড়ার থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া চৌগাছা থানার ওসি মামুনুর রশিদকে যশোর পুলিশ অফিসে (ক্রাইম অ্যান্ড অপস), বাঘারপাড়া থানার ওসি নাজমুল হাসানকে যশোর পুলিশ কন্ট্রোল রুমে, বেনাপোল পোর্ট থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেনকে ক-সার্কেল অফিসে, যশোর পুলিশ অফিসের (ক্রাইম অ্যান্ড অপস) ইন্সপেক্টর মোছা. রোকসানা খাতুনকে কোর্ট ইন্সপেক্টর হিসেবে বদলি করা হয়েছে।