দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটা উপজেলার সুশীলগাতী গ্রামের বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম (৮৬) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি স্ত্রী, এক কন্যাসন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
মঙ্গলবার বাদ জোহর মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়। দাফনের আগে প্রশাসনের পক্ষ থেকে এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও জানাজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদ অপু, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন এবং দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ। এছাড়া স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা এবং এলাকার সর্বস্তরের মানুষ জানাজায় অংশ নেন।