কালিয়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলায় নিজ বাড়ির পাশের বাগানে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উজ্জ্বল তালুকদার (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামের তালুকদার পাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত উজ্জ্বল ওই গ্রামের কবির তালুকদারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে নিজ বাড়ির পাশের একটি বাগানে বাঁশ কাটতে যান উজ্জ্বল। বাঁশ কাটার একপর্যায়ে অসাবধানতাবশত একটি বাঁশ বাগানের ওপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের মূল তারের ওপর গিয়ে পড়ে। এতে পুরো বাঁশটি বিদ্যুতায়িত হয়ে পড়লে ঘটনাস্থলেই উজ্জ্বল মারা যান।
খবর পেয়ে কালিয়া থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।