মেহেরপুর প্রতিনিধি
সারের কৃত্রিম সংকট তৈরি করে বাজার অস্থিতিশীল করার অভিযোগে মেহেরপুরের গাংনীতে এক ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার কাথুলী ইউনিয়নের নওয়াপাড়া বাজারে মেসার্স বিশ্বাস ট্রেডার্সে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্ত সাজিদুর রহমান ওই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এবং বিএডিসির সার ডিলার।
জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকির আহম্মেদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। কৃষি বিপণন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ডিলারকে অর্থদণ্ড দেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়।
আদালত সূত্র জানায়, ওই ডিলারের বিরুদ্ধে বাজারে সারের কৃত্রিম সংকট তৈরি ও চড়া মূল্যে সার বিক্রির মাধ্যমে বাজার অস্থিতিশীল করার অভিযোগ ওঠে। অভিযানের সময় অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত এই আইনগত ব্যবস্থা নেন।
অভিযান পরিচালনাকালে গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ গাংনী থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয় কৃষকদের মতে, কৃষিপ্রধান এই অঞ্চলে সারের সরবরাহ বিঘ্নিত হলে বা কৃত্রিম সংকট তৈরি হলে ফসল উৎপাদন ব্যাহত হয় এবং চাষাবাদের খরচ অনেক বেড়ে যায়। বিশেষ করে চলতি মৌসুমে ফসলের সঠিক ফলনের জন্য সময়মতো সারের প্রাপ্যতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
প্রশাসন জানায়, কৃষকদের স্বার্থ রক্ষা এবং সারের বাজারে যেকোনো ধরনের অনিয়ম ও কৃত্রিম সংকট রোধে প্রশাসনের এই তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।