মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে কৃষকদের সারের কার্ড ভাগাভাগি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার জিতারপুর গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে জিতারপুর গ্রামের নুর ইসলামের ছেলে রিপন হোসেনের সঙ্গে একই গ্রামের হাদান মণ্ডলের ছেলে মইদুল ইসলামের সারের কার্ড নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান হোসেন জানান, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এলাকায় অতিরিক্ত উত্তেজনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।