স্টাফ রিপোর্টার
, যশোর
জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের গণরায় মেনে নিতে বিএনপি সরকারকে সময় দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান।
তিনি বলেছেন, সংসদে আলোচনার মাধ্যমে দাবি পূরণ করতে হবে। অন্যথায় রাজপথে আন্দোলনের মাধ্যমে বিএনপি সরকারকেও ২০২৪ সালের ৫ আগস্টের পরিণতি বরণ করতে হবে। জনগণের রক্তের সঙ্গে বেইমানি করে জুলাই সনদ বাস্তবায়ন না করলে সাত দফা দাবি এক দফায় পরিণত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে যশোরের মুড়লী মোড়ে ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ উপলক্ষে আয়োজিত পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
রাশেদ প্রধান বলেন, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যারা ক্ষমতায় আছেন, তারা যদি জনগণের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করেন এবং জুলাই সনদ বাস্তবায়ন না করেন, গণভোটের গণরায় উপেক্ষা করেন, তাহলে মজলুম জনতা বসে থাকবে না। প্রয়োজনে সাত দফা দাবি এক দফায় রূপান্তর করা হবে। সেই আন্দোলনের জন্য জনগণ প্রস্তুত রয়েছে।
বিএনপি সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, সেই পর্যন্ত বিএনপি সরকারকে সময় দেওয়া হলো। ভালোই ভালোই সংসদে সমাধান করুন। না হলে রাজপথের আন্দোলনের মাধ্যমে আপনাদেরও ২৪-এর ৫ আগস্টের ভাগ্যবরণ করতে হবে। তবে, সরকারকে কত দিনের সময় দেওয়া হয়েছে, সে বিষয়ে বক্তব্যে নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করেননি তিনি।
আগামী দিনের আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে জাগপার এই নেতা বলেন, লংমার্চগুলো শেষ হওয়ার পর ঢাকায় মহাসমাবেশের ডাক আসবে। সেই কর্মসূচিতে অংশ নিতে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না।